ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে—কোট পিন বা প্রতীক ব্যবহার করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে ছাত্রদলের কোনো নেতা বা কর্মী জড়িত নয় এবং এ ধরনের কাজ পুরোপুরি নিষিদ্ধ।
সম্প্রতি কিছু ব্যক্তিকে ছাত্রদলের লোগো বা ধানের শীষের প্রতীক সংবলিত কোট পিন পরিহিত অবস্থায় টাকা তুলতে দেখা গেছে। ছাত্রদল এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা হিসেবে দেখছে।

আগামীকাল ৩ আগস্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে বা পরবর্তীতেও কেউ যদি এ ধরনের কাজ করে থাকেন বা করতে দেখা যায়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করার অনুরোধ জানানো হয়েছে। যদি তারা নিবৃত্ত না হয়, তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে এই বার্তায় আরও স্পষ্ট করা হয়েছে—সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না, এবং দলের ভাবমূর্তি নষ্ট করার যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
