দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের সময় অন্যান্য খাতের পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের নেতৃত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তবে এই পরিবর্তন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। শিক্ষকদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত করে তোলার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
