ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে পাঁচজনের বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে ভারতীয় পুলিশ। সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে বসবাসের অভিযোগে রোববার (২২ নভেম্বর) দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পাঁচ ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এমনকি নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে হিন্দু পরিচয়ে সেখানে বসবাস করছিলেন বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো স্পষ্ট নয়।
ঘটনার সূত্রপাত গত ১৩ নভেম্বর রাতে। দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে হিলি থানার পুলিশ। এরই ধারাবাহিকতায় পরদিন পাঁচজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় এবং কীভাবে তারা ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু তথ্য সামনে আসে। পরবর্তী সময়ে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।
এদিকে, সরকারি জমি দখলমুক্ত করার পদক্ষেপ হিসেবে রোববার দুপুরে অভিযুক্তদের বসতবাড়িগুলো ভেঙে ফেলা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত হয়ে না ওঠে, সে জন্য আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রশাসনের বক্তব্য, সরকারি জমি অবৈধ দখল থেকে মুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশি নাগরিকত্ব, পরিচয় পরিবর্তন এবং ভারতে প্রবেশের অভিযোগগুলো নিয়ে তদন্তের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।
