বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে বাহরাইন সরকার বলছে, হামলার চেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।
ইরানি বাহিনীর দাবি, তাদের আকাশসীমা বারবার লঙ্ঘন করা হচ্ছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাতে আঞ্চলিক ঘাঁটি ও সামরিক স্থাপনা ব্যবহার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এ ধরনের পদক্ষেপের পরিণতির দায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলার চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ঘটনার সময় রাজধানী মানামার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। তবে হামলায় মার্কিন রাডার ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
