গাজীপুরের শিল্পাঞ্চলে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিক অসন্তোষের প্রভাবে জেলায় মোট ৫৬টি কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহনকর্মী ও সাধারণ মানুষ। কোথাও কোথাও যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভে নামেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক আটকে বিক্ষোভের চেষ্টা করেন শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
পরে জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক একত্র হয়ে আবারও মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
এ সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধের বিষয়টিও নিশ্চিত করেছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আন্দোলনের প্রভাবে মঙ্গলবার ৩০টি পোশাক কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
সব মিলিয়ে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
