তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমালিকরা। এ লক্ষ্যে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকের নতুন তারিখ দ্রুত ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা। মালিকদের মতে, সময়মতো নতুন মজুরি ঘোষণা করা হলে বাড়তি বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সহজ হবে।
সোমবার (১৬ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায়।
বিবৃতিতে মালিকপক্ষ জানায়, সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকদের পক্ষ থেকে নতুন মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। এ জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।
তবে শ্রমিকপক্ষের একজন স্থায়ী প্রতিনিধি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে এ কারণ উল্লেখ করা হয়েছে। অসুস্থ প্রতিনিধি আনোয়ার হোসাইন।
মালিকপক্ষ বলছে, নতুন মজুরি নির্ধারণের কাজ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করা প্রয়োজন। কারণ আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মজুরি ঘোষণা করা গেলে কারখানাগুলো অতিরিক্ত বেতন পরিশোধের আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতি নিতে পারবে।
এর আগে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে গত মাস থেকেই আন্দোলন করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১ নভেম্বর নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
এরপর গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের জন্য মাসিক ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
এখন স্থগিত বৈঠকের নতুন তারিখ এবং মালিকপক্ষের মজুরি প্রস্তাবের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
