চট্টগ্রাম নগরীতে অগ্নিকাণ্ডে জেলেদের বসবাসের ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার রাসমণি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাকি কার্যক্রম শেষ করে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে জেলেদের বসবাসের ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
