ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত বা প্রস্তাব দিলে বাংলাদেশ সরকার তা পর্যালোচনা করবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বাংলাদেশকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ বিষয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সেটি বিবেচনায় নেওয়া হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে কী ধরনের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা নিয়ে সরকারের আলাদা করে সময় দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে থাকা সাজা ও প্রত্যর্পণ প্রক্রিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামিদের মতো তাঁকেও দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের বিষয়টি সরকার বিবেচনা করছে।
তিনি আরও বলেন, ভারত সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দিলে বাংলাদেশের সরকার ও জনগণের জন্য বিষয়টি সহজ হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও গুরুত্বপূর্ণ।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল শেখ হাসিনা ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধের সময় থেকেই দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি রয়েছে। দুই দেশের মধ্যে আরও বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, অতীতের মতো বর্তমানেও দলটির কর্মকাণ্ডে সহিংসতার চিত্র দেখা যাচ্ছে। বিদেশে অবস্থান করেও এসব কার্যক্রম পরিচালিত হলে সরকার হিসেবে বাংলাদেশকে বিষয়টি মোকাবিলা করতে হবে।
বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ আয়োজনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সংলাপ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টি সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা। দুই দেশের পক্ষ থেকেই আলোচনা কিছুদিন পিছিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
এদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছিল। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্মকর্তারা প্রত্যর্পণের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা প্রথম সম্ভাব্য শর্তটি ছিল, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে পালন করতে হতে পারে।
দ্বিতীয় সম্ভাব্য শর্ত হিসেবে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে বিচারপ্রক্রিয়া নতুন করে শুরুর নিশ্চয়তা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এখনো কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।
