আসন্ন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন করতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, বিজয় দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পুরো আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের প্রবেশপথে পর্যাপ্ত সিসিটিভি এবং আইপি ক্যামেরা বসানো হবে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গভবনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের পাশাপাশি তাঁদের ব্যবহৃত যানবাহনেও প্রয়োজনীয় তল্লাশি চালানো হবে। একই সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।
দিবসটি ঘিরে যানজট নিয়ন্ত্রণেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার প্রধান সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু থাকবে। এতে রাষ্ট্রীয় অতিথি ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতি কিংবা অগ্নিকাণ্ড মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখা হবে।
প্রস্তুতিমূলক এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবসের প্রতিটি আয়োজন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
