শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে ফিরবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ একটি আইনগত প্রক্রিয়া।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেসব আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের নিজস্ব বিষয়।
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি আইনি সুযোগের মাধ্যমেই বাংলাদেশে আসবেন।
এ সময় আপিল বিভাগে বিলম্ব মার্জনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিশেষ আইনে এ ধরনের বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট মামলায় নির্ধারিত আইনি বিধানই কার্যকর হবে।
তিনি আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফার বিধান রয়েছে। আইনমন্ত্রী বলেন, এসব আইনি বিধান পূর্ববর্তী সময়েই প্রণয়ন করা হয়েছিল।
