ইরানে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে তার জবাব আরও বড় পরিসরে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি।
বার্তায় তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের জবাব হিসেবে নেওয়া হয়েছে।
মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আবার ঘটলে পাল্টা প্রতিক্রিয়া আরও ব্যাপক ও শক্তিশালী হবে।
এ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি। ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে ‘বিচক্ষণ ও বীরত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা।
খামেনির মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা সামনে এনেছে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ইরানকে সামগ্রিকভাবে উন্নত ও শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টাই পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের পথ তৈরি করবে।
খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তাঁর হুঁশিয়ারির পর দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাখছেন পর্যবেক্ষকেরা।
