বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।
বিজিবি মোতায়েনের হিসাব অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় রয়েছে ৫ প্লাটুন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন। অন্যদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা এবং কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছেন আরও ৬ প্লাটুন বিজিবি সদস্য।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চলে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
বিজিবির দায়িত্বের মধ্যে রয়েছে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বিজিবি সদস্যরা পেশাদারত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতেই এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
