যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন জনগণের ভোটের ফলকে যুদ্ধবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
নিজের বার্তায় গালিবাফ বলেন, মানুষের বিবেকের তাড়না কিংবা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়—যে কারণেই হোক, মার্কিন ভোটাররা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের জনগণের এই বার্তাকে সমর্থন করে ইরান।
একই পোস্টে মার্কিন নীতিনির্ধারকদের উদ্দেশে সতর্কবার্তাও দেন ইরানের এই রাজনীতিক। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থদাতা গোষ্ঠী ও চাপ প্রয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মার্কিন সরকার যদি নিজ দেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে এর পরিণতি তাদের জন্য ভয়াবহ হতে পারে।
গালিবাফের এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তের পেছনে যুদ্ধ ছাড়াও অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় ও অন্যান্য অভ্যন্তরীণ ইস্যুর প্রভাব থাকতে পারে।
