সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বেশ হতাশায় ছিলেন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে পরীক্ষার ফল নিয়ে হতাশা, মা-বাবার প্রতি অনুশোচনা এবং পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষকের ভুলের অভিযোগের কথা উল্লেখ রয়েছে।
চিরকুটে হৃদয় লিখেছে, তার মা-বাবা সন্তানের ভবিষ্যতের জন্য নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। ভালো ফলের আশায় সেও অনেক পরিশ্রম করেছিল। তবে পরীক্ষার হলে দায়িত্ব পালনকারী শিক্ষকের ভুলের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে চিরকুটে দাবি করেছে সে। পাশাপাশি মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার হওয়া চিরকুট পর্যালোচনা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
