অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তার অভিযোগ, ড. ইউনূসের কর্মকাণ্ডে দেশের তিন থেকে চারটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফজলুর রহমানকে এসব মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি বলেন, একসময় ড. মুহাম্মদ ইউনূসকে তারা দেশের একজন মহান সন্তান হিসেবে মনে করতেন। কিন্তু তার মতে, সেই প্রত্যাশার বিপরীতে তিনি দেশের ব্যাপক ক্ষতি করেছেন।
ভিডিওতে সংসদ সদস্য আরও দাবি করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তার ভাষায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি মানুষের আস্থা ও সম্মান কমে গেছে।
তিনি আরও বলেন, পুলিশি নিরাপত্তা ছাড়া বাইরে গেলে তাদের গণপিটুনির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য।
ফজলুর রহমানের এসব বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
