এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফল প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যেই তারা শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষায় অংশ নিতে পারবেন। এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এবারই প্রথম এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু ফেল করা বিষয়গুলো কিংবা চাইলে সব বিষয়েই অংশ নিতে পারেন। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও পরবর্তী পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষার্থীদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার ঝুঁকি কমার পাশাপাশি দ্রুত ফল উন্নয়নের সুযোগ তৈরি হবে।
