২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে হতাশাজনক চিত্র দেখা গেছে। বোর্ডটিতে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৯৫০ জন শিক্ষার্থী। সবচেয়ে উদ্বেগের বিষয়, বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। তিনি জানান, যথাযথ মূল্যায়ন ও পর্যালোচনার পর ফলাফল প্রস্তুত করা হয়েছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে এবার মোট ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। সব মিলিয়ে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।
গত বছরের তুলনায় এবার ফলাফলের অবনতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৫ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। অথচ এবার পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে ৭২৪ জন।
