বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছে। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে স্বাভাবিকের তুলনায় কিছুটা ভিন্নভাবে অনুষ্ঠান পরিচালনা করতে দেখা গেছে।
সাধারণত প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচিত ভঙ্গিতে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন অমিতাভ। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন দেখা যায়। ৮৩ বছর বয়সী এই অভিনেতা শুরুতেই মঞ্চের নির্ধারিত চেয়ারে বসে অনুষ্ঠানটির সূচনা করেন।
অমিতাভকে এভাবে বসে থাকতে দেখে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়। পরে বিষয়টি নিজেই পরিষ্কার করেন অভিনেতা। নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি জানান, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পড়ে গিয়ে বাঁ হাঁটুতে আঘাত পেয়েছেন।
চোটের কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। তাই অনুষ্ঠানের শুরুতে বসেই মনোলগ করতে হয়েছে বলে জানান তিনি।
তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের অযথা চিন্তা না করার পরামর্শও দেন অমিতাভ। তার বক্তব্য অনুযায়ী, হাঁটুতে আঘাত লাগলেও সেটি গুরুতর নয়। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিযোগীদের স্বাগত জানানোর সময় অবশ্য নিজের পেশাদারিত্বের পরিচয় দেন অমিতাভ। তাদের অভ্যর্থনা জানাতে তিনি যথারীতি দাঁড়িয়ে মঞ্চে উপস্থিত হন। তার এই মনোবল ও পেশাদার আচরণে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে উৎসাহ দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
