কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ৯৮টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ২২ জনকে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এবং ৭৪ জনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে মোট ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯টি ইয়াবা ট্যাবলেট এবং ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলায়ও আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে যারা বিভিন্ন মামলার আসামি, তাদেরও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
