অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনটি প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয় হবে।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১-এর বিমানবন্দর-কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুটের হেমায়েতপুর-ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী-দাশেরকান্দি রুটের নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকের মূল এজেন্ডায় প্রথমে শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি রাখার পরিকল্পনা ছিল। পরে প্রকল্পগুলোর সমন্বিত অগ্রগতি বিবেচনায় জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় তোলা হয়।
জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
এদিকে, ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
অন্যদিকে, এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার থাকবে পাতালপথ। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
