ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী অবস্থানেই দলটি এমন আচরণ করছে, যা ক্ষমতায় গেলে আরও উদ্বেগজনক পরিস্থিতির জন্ম দিতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, অতীতে সরকারি দলের নেতাকর্মীদের বেপরোয়া আচরণের অভিযোগ দেখা গেলেও বর্তমানে প্রধান বিরোধী দল হিসেবেই জামায়াত-শিবির একই ধরনের আচরণ করছে। তাঁর ভাষ্য, যারা ক্ষমতায় যাওয়ার আগেই ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে, তারা ক্ষমতায় গেলে দেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
এদিন সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মীরা দ্বিতীয় দিনের মতো পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। একই সময়ে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার প্রসঙ্গে রাশেদ খাঁন অভিযোগ করেন, চাকরিচ্যুত কর্মীদের কর্মসূচিতে জামায়াত-শিবির-সমর্থিত ব্যক্তিরা হামলা চালিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, চাকরি হারানো ব্যক্তিরা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ পাবে না কেন।
এ ছাড়া তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে অনেককে চাকরিচ্যুত করে সেখানে জামায়াত-শিবিরের ঘনিষ্ঠদের পুনর্বাসন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করলে তাদের ওপর হামলা চালানো গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
