আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে চীনের খুচরা জ্বালানি খাতেও। এর ফলে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যা শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
চীনের সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) নতুন মূল্যহার ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুসারে, প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান এবং প্রতি টন ডিজেলের দাম ২৫০ ইউয়ান বৃদ্ধি পেয়েছে। মার্কিন ডলারে এর পরিমাণ যথাক্রমে প্রায় ৩৮ দশমিক ৭৬ ডলার ও ৩৭ দশমিক ২৭ ডলার।
মূল্য সমন্বয়ের পর চীনে প্রতি লিটার ডিজেলের খুচরা দাম দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ৯৬ ইউয়ান। অন্যদিকে পেট্রোলের বিভিন্ন গ্রেডের দাম প্রতি লিটারে ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৬৮ ইউয়ানের মধ্যে নির্ধারণ করা হয়েছে।
এনডিআরসি জানিয়েছে, গত আগস্টের শেষ দিকে সর্বশেষ জ্বালানির মূল্য সমন্বয়ের পর আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন করে পরিবর্তন এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব চীনের জ্বালানি মূল্য নির্ধারণেও পড়েছে।
