প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের দল।
ফিফা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গ্রুপ পর্বের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে।
বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাকার্তার বিখ্যাত গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
অন্যদিকে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। বাকি দলগুলো নিজেদের অবস্থান নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করবে।
নতুন এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।
