কেরানীগঞ্জে ভেজাল সার তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঢাকার কেরানীগঞ্জে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল ও নকল টিএসপি সার উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক মো. জামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি কারখানাটি সিলগালা করে বিপুল পরিমাণ ভেজাল সার ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ বাঘবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে নকল টিএসপি সার উৎপাদন করা হচ্ছিল। অভিযানে প্রস্তুত অবস্থায় থাকা প্রায় ২৫০ বস্তা ভেজাল সার এবং উৎপাদন কাজে ব্যবহৃত প্রায় ৩০০ বস্তা চুন, সিমেন্ট ও সিরামিক মাটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, সার ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানা মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মজুতকৃত মালামাল জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পুলিশ সদস্য এবং র্যাব-১০-এর সদস্যরা অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি খাতে ভেজাল সার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
