Advertisement
সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ
দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনের ওপর নজরদারি বাড়াতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তি ব্যবহারের ফলে গণপরিবহনের অবস্থান, চলাচলের গতি এবং নির্ধারিত রুট অনুসরণ করা হচ্ছে কি না, তা সহজেই পর্যবেক্ষণ করা যাবে। এতে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। পরে সংশ্লিষ্ট চালক ও পরিবহন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
সড়ক নিরাপত্তা জোরদারে চালকদের প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭৬ হাজার ৪৬৩ জন চালক এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এসেছেন। প্রশিক্ষণে ট্রাফিক সাইন, সিগন্যাল ও সড়ক চিহ্ন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর ঝুঁকি, মাদকাসক্ত অবস্থায় যানবাহন চালানোর ক্ষতি এবং নিরাপদ সড়কের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।
এ ছাড়া ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় আরও ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে মৌলিক প্রশিক্ষণ এবং ২০ হাজার ভারী যানবাহনের চালককে পুনঃপ্রশিক্ষণ দেওয়া হবে।
সরকারের আশা, প্রযুক্তিনির্ভর নজরদারি ও চালকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
