নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য অপচয় কমাতে ইতালির মিলান সিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ বিষয়ে দুই শহরের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ ও কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, মিলান দীর্ঘদিন ধরে খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে কাজ করছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশের একটি সিটি করপোরেশন নির্বাচন করার প্রস্তাব এলে উপযোগিতা বিবেচনায় খুলনা সিটি করপোরেশনকে বেছে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মিলানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা কাজে লাগিয়ে খুলনায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য অপচয় কমানোর কার্যক্রম বাস্তবায়ন করা গেলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
বৈঠকে বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে ইতালি। এ লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন স্থপতিকে ইতালি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইতালীয় ভাষা শিক্ষার ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ইতালি থেকে প্রশিক্ষক এনে বাংলাদেশে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে এসব প্রশিক্ষকের মাধ্যমে কর্মীদের ইতালীয় ভাষা শেখানো হবে, যা বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
