জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে আঞ্চলিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) এগিয়ে থাকায় ভোটকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিশ্লেষকদের মতে, এ নির্বাচন শুধু রাজ্য পর্যায়ের রাজনৈতিক লড়াই নয়, বরং চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তারও একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক জরিপগুলোতে এএফডি ৪০ শতাংশের বেশি সমর্থন পেয়েছে বলে জানা গেছে। দলটি জয়ী হলে প্রথমবারের মতো কোনো জার্মান রাজ্যে সরকার গঠনের সুযোগ পেতে পারে। বর্তমানে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে মধ্য-ডানপন্থি সিডিইউর নেতৃত্বাধীন জোট সরকার।
এএফডির স্যাক্সনি-আনহাল্ট শাখাকে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা উগ্র ডানপন্থি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এ কারণে অন্যান্য রাজনৈতিক দল দলটির সঙ্গে জোট গঠনে অনাগ্রহ দেখিয়ে আসছে।
দলের প্রার্থী উলরিখ জিগমুন্ড নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সক্রিয় উপস্থিতি এবং ভিন্নধর্মী প্রচারণা কৌশল ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে তাঁর দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে।
অন্যদিকে বর্তমান রাজ্যপ্রধান স্বেন শুলৎসে পুনরায় সরকার গঠনের জন্য সম্ভাব্য জোটসঙ্গীদের সমর্থনের ওপর নির্ভর করছেন। ফলে নির্বাচনের ফলাফল শুধু রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
