হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহনের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, গত ১৪ দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের যে দাবি করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়।
শনিবার দেওয়া এক বক্তব্যে গালিবাফ জানান, হরমুজ প্রণালি ব্যবহার করে যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ তেল পরিবহন করেছে—এমন তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই।
এর আগে হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের জন্য হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন নৌ অবরোধ পুনরায় কার্যকর করার পর ইরান তার উপকূল থেকে সরাসরি তেল রপ্তানি করতে পারেনি।
এদিকে ২৮ আগস্ট হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও বড় একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সাম্প্রতিক কয়েক মাসে প্রায় ৭৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী প্রায় ১ হাজার ৫০০টি বাণিজ্যিক জাহাজ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
তবে ওয়াশিংটনের এই বক্তব্যও মানতে নারাজ ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এখনো অক্ষুণ্ন রয়েছে।
আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ইরানের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় এই পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে।
