দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে ১৪ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়। জাতীয় স্বার্থ এবং জরুরি পরিস্থিতিতে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, মোট সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে। গ্যাসের চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতেই এই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করেই প্রস্তাবটি কমিটির সামনে উপস্থাপন করা হয়। আলোচনা শেষে কমিটি এলএনজি আমদানির প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেয়।
নতুন করে ১৪ কার্গো এলএনজি আমদানির ফলে দেশের গ্যাস সরবরাহে চাপ কিছুটা কমবে এবং জরুরি সময়ে গ্যাসের ঘাটতি মোকাবিলায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
