বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শর্তের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সমতা ও সার্বভৌমত্বের মর্যাদা বজায় রেখে সম্পর্ক গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের সব দেশের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক বজায় রাখতে চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে সফর করবেন। একইভাবে অন্য দেশের প্রতিনিধিদেরও বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে।
তবে কোনো দেশের আমন্ত্রণের সঙ্গে যদি নির্দিষ্ট কোনো শর্ত যুক্ত থাকে, তাহলে সেই শর্তের ভিত্তিতে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেন রিজভী।
তার ভাষায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে উভয় পক্ষকেই একে অপরের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সম্মান করতে হবে। সমতার ভিত্তিতে পারস্পরিক আস্থা ও সম্মানের মাধ্যমেই দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে উঠতে পারে।
