বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তিতে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বড় একটি অংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার ১৪ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভীর দাবি, ছয় মাসের জন্য নির্ধারিত বিভিন্ন লক্ষ্যের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আবার কিছু কর্মসূচির বাস্তবায়ন শতভাগ পর্যন্ত হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সব কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয় না। প্রথম পর্যায়ে প্রশাসনকে সংগঠিত করা, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কাঠামো তৈরি করতে সময় প্রয়োজন হয়।
রিজভীর আশা, সরকারের দ্বিতীয় ছয় মাসে এসব কর্মসূচির বাস্তবায়ন আরও দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রকাশ করা হবে অগ্রগতির বিস্তারিত তথ্য
বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে একটি লিখিত প্রতিবেদন বা বুকলেট প্রকাশের কথা জানিয়েছেন রিজভী। সেখানে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান তিনি।
কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কত কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে, সেসব তথ্যও প্রতিবেদনে থাকবে বলে জানান বিএনপির এই নেতা।
মহাসচিবের পদত্যাগ নিয়ে ব্যাখ্যা
দলের মহাসচিবের পদত্যাগ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রিজভী।
তিনি বলেন, এ বিষয়ে দুই পক্ষের বক্তব্যের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। দলের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, আইনগতভাবে শপথ নেওয়ার আগ পর্যন্ত দলীয় পদ বা মন্ত্রী-এমপির মতো সরকারি পদ থেকে পদত্যাগ করা বাধ্যতামূলক নয়। তবে দলের মহাসচিব একই সঙ্গে দলীয়ভাবে মনোনীত রাষ্ট্রপতি হওয়ায় নৈতিক অবস্থান থেকে তিনি দলীয় পদ ছেড়ে দিয়েছেন।
পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে জানতে চাইলে রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে বিষয়টি জানানো হবে। গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে
ছাত্রদলের সাধারণ সম্পাদকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য এবং সংগঠনটির নতুন কমিটি নিয়ে প্রশ্ন করা হলে রিজভী জানান, এ বিষয়ে তার কাছে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি।
তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে দলের হাইকমান্ড থেকেই তা জানানো হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া
এদিকে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া কর্মসূচির ঘোষণাও দেন রিজভী।
তিনি জানান, শনিবার দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই ধরনের কর্মসূচি গুলশান কার্যালয়সহ দেশের অন্যান্য দলীয় কার্যালয়েও পালন করা হবে।
খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে রিজভী তাকে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার বিভিন্ন আন্দোলনের অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, নানা ধরনের আক্রমণ ও চাপের মধ্যেও খালেদা জিয়া নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি এবং গণতন্ত্রের জন্য তার অবস্থান ধরে রেখেছেন।
সংবাদ সম্মেলন থেকে পরদিনের দোয়া কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বানও জানান রুহুল কবির রিজভী।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
