আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বিদ্বেষমূলক বা আইন লঙ্ঘনকারী বক্তব্য না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বক্তব্য প্রচারে আইনগতভাবে কোনো বাধা দেখছেন না।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাইয়ের হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট সব মামলার বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণার প্রত্যাশার কথাও জানান তিনি।
