বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে তার দল প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে স্বৈরাচার বা ফ্যাসিবাদী প্রবণতার অবসান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন এবং এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এখন সেই ঘটনাকে ঘিরে বিভিন্ন পক্ষের মধ্যে কৃতিত্বের প্রতিযোগিতা দেখা যাচ্ছে।
ডা. শফিকুর রহমানের ভাষ্য, আন্দোলনের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিল জামায়াতে ইসলামী। এছাড়া তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের কোনো একক নেতৃত্ব বা ‘মাস্টারমাইন্ড’ ছিল না; বরং এটি ছিল সম্মিলিত অংশগ্রহণের ফল।
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের ঘটনাকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এমন উদ্যোগের মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
