দেশীয় বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ওপর ভিত্তি করে অতিরিক্ত মজুরি যোগ হতে পারে। এছাড়া নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।
সংস্থাটির মতে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বহুবার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানোর পাশাপাশি একাধিকবার কমানোও হয়েছে।
