লিবিয়ায় আটক অবস্থায় থাকা ১৭১ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) যৌথভাবে কাজ করেছে।
জানা গেছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে অনেকেই অপহরণ, নির্যাতন এবং নানা ধরনের মানবিক সংকটের মুখোমুখি হন। পরবর্তীতে তারা বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। একই সঙ্গে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে যাতায়াত খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের সহায়তা প্রদান করা হয়েছে।
সরকার সংশ্লিষ্টদের আবারও সতর্ক করে জানিয়েছে, মানবপাচারকারীদের প্রলোভনে অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা জীবন ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ ও অনুমোদিত পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
