ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ঘোষণা অনুযায়ী, নতুন এ শুল্ক আগামী ২২ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে সব ধরনের পণ্য এই শুল্কের আওতায় আসছে না। মার্কিন কর্মকর্তারা জানান, গরুর মাংস, কফি, কিছু উড়োজাহাজের যন্ত্রাংশ এবং যুক্তরাষ্ট্রে উৎপাদন না হওয়া নির্দিষ্ট কিছু পণ্যকে এই অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার বলেন, ব্রাজিলের কিছু বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের ব্যবসা ও উৎপাদকদের জন্য প্রতিযোগিতায় অসুবিধা সৃষ্টি করছে। এসব বিষয়ের স্থায়ী সমাধানে ওয়াশিংটন আলোচনার পথ খোলা রাখতে চাইলেও নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মার্কিন প্রশাসনের দাবি, ব্রাজিলের কিছু নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে দেশটির রাষ্ট্র-সমর্থিত ‘পিক্স’ (Pix) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং ডিজিটাল বাণিজ্য কাঠামো মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অসম প্রতিযোগিতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনি ক্ষমতা ব্যবহার করে চলতি বছর আরও কয়েকটি দেশের বাণিজ্যনীতি নিয়েও তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, তবুও প্রয়োজনে আরও কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে তারা আশা করছে, ব্রাজিল পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না।
এদিকে ব্রাজিলে আগামী অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে এবং নির্বাচনপূর্ব রাজনৈতিক আলোচনাতেও এর প্রভাব পড়তে পারে।
