ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা যখন জানতে চান, চিফ প্রসিকিউটর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন অবস্থান প্রকাশ করেছেন—এ বিষয়ে তার মতামত কী; জবাবে রুমিন ফারহানা বলেন, আইন অনুযায়ী দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি বলেন, দেশে ফিরে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ, জামিনের আবেদনসহ প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।
বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়েও মত দেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। সেই ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে।
তার ভাষায়, যদি ছায়া মন্ত্রিসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পর্যালোচনা করে গঠনমূলক সমালোচনা ও বাস্তবসম্মত পরামর্শ উপস্থাপন করতে পারে, তাহলে তা সরকার পরিচালনা ও নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
