ভারত ও জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির ভারত সফর উপলক্ষে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
নতুন সমঝোতার আওতায় দুই দেশ নৌবাহিনীর জন্য উন্নত ইউনিকর্ন রেডিও অ্যান্টেনা প্রযুক্তি যৌথভাবে উন্নয়ন করবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ প্রতিরক্ষা প্রযুক্তিতে উভয় দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই প্রকল্প ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুই প্রধানমন্ত্রীর আলোচনায় শুধু প্রতিরক্ষা নয়, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল আরও স্থিতিশীল করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রথমবারের মতো ভারত সফর করেন জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি। সফর উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপান দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার। তার মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের বৈশ্বিক কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ ছাড়া বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতেও নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোদি বলেন, উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক এই অংশীদারত্ব ভবিষ্যতে ভারত-জাপান সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে।
