দেশে কমেছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি বিদ্যুৎমন্ত্রীর
দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আগের তুলনায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাময়িকভাবে দুটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে আগের দিন কয়েকটি এলাকায় লোডশেডিং করতে হয়েছিল। তবে কেন্দ্র দুটি পুনরায় চালু হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়ে প্রায় ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছেছে। একই সময়ে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে ঘাটতি কমে প্রায় ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
তিনি আরও বলেন, বিদ্যুতের অবশিষ্ট ঘাটতিও দ্রুত কমিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিছু এলাকায় এখনো সীমিত পরিসরে লোডশেডিং থাকতে পারে, তবে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী জানান, আগের দিনের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
