বাংলাদেশের পানি সম্পদ উন্নয়ন ও নদী ব্যবস্থাপনা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তা নদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী প্রকল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়।
বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে চলমান উদ্যোগগুলোর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি দেশের পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।
বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ বিষয়ে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
লি গোওইং বলেন, পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা এবং বিশেষজ্ঞ পর্যায়ের আদান-প্রদানের বিষয়ও উল্লেখ করেন।
বৈঠকে নদীভাঙন প্রতিরোধ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং নৌপথ উন্নয়নের মতো বিষয়েও আলোচনা হয়। চীনা মন্ত্রী জানান, পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তি বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি এ খাতের বাংলাদেশি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় উভয় পক্ষই গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী সহযোগিতার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
