কোয়ান্টাম কম্পিউটিং খাতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে দুটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব উদ্যোগের লক্ষ্য হলো ভবিষ্যতের উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রযুক্তির উন্নয়ন এবং জাতীয় সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করা।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে গবেষণায় ব্যবহারযোগ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির কাজ এগিয়ে নেবে। বর্তমানে প্রযুক্তি খাতের কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠান এ ধরনের বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে।
প্রচলিত কম্পিউটার যেখানে ‘বিট’ ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করে, সেখানে কোয়ান্টাম কম্পিউটার ‘কিউবিট’ ব্যবহার করে, যা একাধিক অবস্থা একসঙ্গে ধারণ করতে সক্ষম। ফলে জটিল সমস্যার সমাধানে এটি অনেক বেশি দ্রুত ও কার্যকর হওয়ার সম্ভাবনা রাখে।
তবে প্রযুক্তিটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং নির্ভরযোগ্যতা বাড়াতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
এছাড়া নতুন আরেকটি আদেশে কোয়ান্টাম যুগের সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলায় উন্নত এনক্রিপশন প্রযুক্তি বা পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতের শক্তিশালী কম্পিউটিং সক্ষমতার বিপরীতে তথ্য সুরক্ষা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এসব পদক্ষেপ ভবিষ্যৎ প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
