আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সব বোর্ডের খাতা র্যান্ডমভাবে যাচাই করা হবে। এতে কোনো বোর্ডে নম্বর প্রদান প্রক্রিয়ায় অসংগতি আছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও জানান, অতীতে প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এ সমস্যা মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তিগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমেও যে ধরনের অনিয়ম দেখা দিচ্ছে, তা নিয়ন্ত্রণে নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও মন্তব্য করেন, দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত প্রবণতা তৈরি হয়েছে এবং বাস্তবভিত্তিক দক্ষতামুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
