দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের একটি প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৫৯টি টেলিভিশন চ্যানেল অনুমোদিত রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং বেসরকারি অনুমোদিত চ্যানেল ৫৫টি। তবে বর্তমানে ৩৯টি চ্যানেল নিয়মিতভাবে সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী জানান, সারাদেশে মোট ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী থেকে ৫৯৩টি এবং জেলা পর্যায় থেকে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হয়।
এছাড়া দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি বলে উল্লেখ করা হয়। এর মধ্যে সাধারণ অনলাইন পোর্টাল ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ৬১টি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, গণমাধ্যমের এই পরিসংখ্যান নিয়মিত হালনাগাদ করা হয় এবং নতুন নিবন্ধনের মাধ্যমে সংখ্যা পরিবর্তিত হতে পারে।
