রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (১৫ জুন) জেলেনস্কি জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এখন সম্ভাব্য অগ্রগতির অপেক্ষায় রয়েছেন।
তার মতে, যুক্তরাষ্ট্রে কোনো নিরপেক্ষ মধ্যস্থতার মাধ্যমে বৈঠক হলে পুতিনের জন্য তা প্রত্যাখ্যান করা আরও কঠিন হবে। জেলেনস্কি বলেন, রাশিয়া যদি এমন সুযোগও গ্রহণ না করে, তাহলে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে।
চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে জেলেনস্কি বহুবার সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে পুতিন সরাসরি বৈঠকে রাজি হননি।
এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময়ও জেলেনস্কি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মস্কো সেই আহ্বানে সাড়া দেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র জানিয়েছে, বিভিন্ন কূটনৈতিক ও মধ্যস্থতাকারী চ্যানেলের মাধ্যমে এই বৈঠকের প্রস্তাব রাশিয়ার কাছে পাঠানো হলেও এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
রাশিয়ার অবস্থান অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির খসড়া প্রস্তুত না হলে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রয়োজন নেই।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, যা বর্তমানে ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
