জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বাতিলের সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় নতুন কিছু বিষয় যুক্ত করার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা চলছে।
তিনি বলেন, “কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।”
উপাচার্যের ব্যাখ্যা
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। এ ধরনের খবর বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গুজবের সূত্র
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একটি খসড়া পরিকল্পনা অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বাতিল করে সেগুলোকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হতে পারে।
তবে শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
নতুন বিষয়ে গুরুত্ব
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্সসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে নতুন কোর্স চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে বিদ্যমান অনার্স বিষয়গুলো বাতিলের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
