চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রবিবার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি কার্যকর হয়।
এর আগে গত ৪ জুন হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় গত শনিবার রাতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন সংস্কার এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।
এদিকে কর্মবিরতির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেন। সকাল ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং প্রয়োজনে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
