অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
বুধবার (২৭ মে) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর সাদা লোম ও মাথার চুলের বিশেষ গঠন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টাইলের সঙ্গে মিল থাকায় খামার কর্তৃপক্ষ এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’।
ভাইরাল হওয়ার পর দেশ-বিদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মহিষটি। প্রতিদিন অসংখ্য মানুষ এটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও রয়টার্সও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
