পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ সোমবার, ৮ জিলহজ। স্থানীয় সময় রোববার রাত থেকেই আল্লাহর মেহমান হজযাত্রীরা পবিত্র মক্কা নগরী থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইয়াওমুত তারবিয়া’ উপলক্ষে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম শুরু হয়েছে। হাজিদের তাঁবুনগরী হিসেবে পরিচিত মিনায় নেওয়ার জন্য মাঠপর্যায়ের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছেন। তাঁদের সঙ্গে সৌদি আরবের অভ্যন্তর থেকেও কয়েক লাখ হজযাত্রী অংশ নিচ্ছেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে হাজিরা তালবিয়া পাঠ করতে করতে মিনার পথে রওনা হচ্ছেন। পবিত্র এই যাত্রায় চারদিকে ধ্বনিত হচ্ছে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”।
সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের যাতায়াত, তাঁবুতে অবস্থান, খাবার, চিকিৎসা ও পরিবহনসেবার সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। মিনায় প্রবেশ, নির্ধারিত তাঁবুতে অবস্থান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু রয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে ৮৩ হাজারের বেশি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হাজিদের বাসস্থান, আতিথেয়তা কেন্দ্র, তাঁবু ও সেবাকেন্দ্রগুলোতে এসব পরিদর্শনের মাধ্যমে প্রস্তুতি ও সেবার মান নিশ্চিত করা হয়েছে।
এদিকে মিনায় পৌঁছে হজযাত্রীরা আজকের দিন ও রাত ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করবেন। আগামীকাল ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।