
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি।
সোমবার দুপুরে গুলশান নগর ভবনে আয়োজিত এক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ি, আঙিনা, ফুলের টব, বালতি কিংবা বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ এসব স্থানেই এডিস মশা সহজে বংশবিস্তার করে।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় তিনি “শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার” স্লোগান বাস্তবায়নে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মোট ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা সহায়তার পাশাপাশি জনসচেতনতা তৈরির এ উদ্যোগ সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।