
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার বৈবাহিক সম্পর্ক আবারও ভেঙে গেছে। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছে।
শনিবার সাবিকুন নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন তারা। দুই পরিবার থেকেও ইতিবাচক মনোভাব ছিল। তবে বিভিন্ন কারণে সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি।
তার ভাষ্য অনুযায়ী, গত রমজানের চাঁদরাতেই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। পারিবারিক মতবিরোধের কারণে প্রথম দফায় বিচ্ছেদের পর তারা আবারও একসঙ্গে পথচলা শুরু করেছিলেন। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।
সাবিকুন নাহার বলেন, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা থাকলেও বাস্তবতার কারণে শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক ইসলামী আলোচনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। ধর্মীয় ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তার বক্তব্য তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি তিনি একটি অনলাইন মাদ্রাসার কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন।
এর আগে ২০২৩ সালে কয়েকদিন নিখোঁজ থাকার ঘটনাতেও ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। পরে পরিবারের কাছে ফিরে আসেন।
সম্প্রতি ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।